রাজধানীর খিলক্ষেতে কুর্মিটোলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আগামী ২১ অক্টোবর প্রস্তাবিত ‘বিশ্ব ওরস শরীফ’ উপলক্ষে ইসলামী জলসার অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছে খিলক্ষেত ইমাম-উলামা ঐক্য পরিষদ। স্থানীয় আলেম-ওলামা ও ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা না করে এ ধরনের বড় কথিত আয়োজনের উদ্যোগ নেওয়ায় আপত্তি জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
সংগঠনটির সভাপতি ও খিলক্ষেত কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম-খতিব মাওলানা নুরুল ইসলাম কাসেমীর স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, প্রস্তাবিত মাহফিল আয়োজনের বিষয়ে স্থানীয় মসজিদগুলোর ইমাম-খতিব, মাদ্রাসার আলেম-ওলামা কিংবা দায়িত্বশীল ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। স্থানীয় আলেম সমাজের একটি অংশও এ আয়োজনের সঙ্গে একমত নয় বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
সংগঠনটির আশঙ্কা, স্থানীয়দের মতামত ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় ছাড়া বড় পরিসরের এ আয়োজন করা হলে এলাকায় ভুল বোঝাবুঝি, উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই জননিরাপত্তা ও সামাজিক সম্প্রীতির স্বার্থে আগামী ২১ অক্টোবরের প্রস্তাবিত মাহফিলের অনুমতি না দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, “এলাকার শান্তি-শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রস্তাবিত মাহফিলের বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণে রেখেছি।
এ আয়োজনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, আগামী ২১ অক্টোবরের প্রস্তাবিত মাহফিলকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন নাগরিকেরা।
এলাকার শান্তি, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা বজায় রাখার স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি জানিয়েছেন তাঁরা।
পড়ুন : বিষ দেয়া মাছসহ দুই জেলেকে আটকের পর শুধু জরিমানা


