শারদীয় দুর্গোৎসবের আনন্দমুখর পরিবেশ। চারদিকে যখন পূজার বাজনা আর উৎসবের আমেজ, ঠিক তখনই এক মর্মান্তিক সংবাদে নিভে গেল একটি প্রদীপের আলো। পূজামণ্ডপে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া ভিডিপি (ভিলেজ ডিফেন্স পার্টি) সদস্য মোছা. পারভীন বেগম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন।
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসকদের দেওয়া মৃত্যুসনদ অনুযায়ী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তাঁর মৃত্যু হয়। তবে চিকিৎসার ক্ষেত্রে কোনো অবহেলা বা ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে জেলা স্বাস্থ্য বিভাগকে জানিয়েছে আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ।
সোমবার (১৯ অক্টোবর) সকালে নাগরিক টেলিভিশন কে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কমান্ড্যান্ট আবু সোলায়মান (বিভিএমএস)। এর আগে রোববার সকালে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত পারভীন বেগম গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ি গ্রামের মফিজল হকের মেয়ে এবং তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্য ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিজ এলাকার কিশামত বড়বাড়ি সর্বজনীন দুর্গামন্দিরে পূজার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন পারভীন বেগম। গত শনিবার দায়িত্বপালনকালেই তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি প্লাটুন কমান্ডারকে (পিসি) জানিয়ে তিনি বাড়িতে ফিরে যান। বাড়িতে ফেরার পর থেকেই তাঁর একটানা পাতলা পায়খানা ও বমি শুরু হয়। মুহূর্তের মধ্যে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। বিকেলের দিকে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে পরদিন রবিবার সকালে হাসপাতালের বিছানাতেই না ফেরার দেশে চলে যান তিনি।
গাইবান্ধা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট আবু সোলায়মান গভীর শোক প্রকাশ করে জানান, ‘পারভীন বেগম আমাদের একজন নিবেদিতপ্রাণ ভিডিপি সদস্য ছিলেন। পরিবারের বরাতে জানতে পেরেছি, তিনি পাতলা পায়খানা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে বিষয়টি অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জানানো হয়নি। চিকিৎসকদের দেওয়া ডেথ সার্টিফিকেটে বলা হয়েছে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।’
তিনি আরও যোগ করেন, ‘হাসপাতালে তাঁর চিকিৎসায় কোনো অবহেলা বা ত্রুটি ছিল কি-না, সে বিষয়ে আমরা জেলার সিভিল সার্জনকে অবগত করেছি। তিনি একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।’
এদিকে, সহকর্মী এই নারীর অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছে আনসার ও ভিডিপি পরিবার। নিহত পারভীনের শোকসন্তপ্ত পরিবারের হাতে বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা কমান্ড্যান্ট।
উল্লেখ্য, এবছর গাইবান্ধা জেলার মোট ৬৩২টি মণ্ডপ ও মন্দিরে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এসব মণ্ডপের নিরাপত্তায় ৪ হাজার ২ জন আনসার ও ভিডিপি নারী-পুরুষ সদস্য অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। প্রতিটি মণ্ডপে দুজন করে নারী সদস্য নিয়োজিত থাকলেও, পারভীনের এই আকস্মিক মৃত্যু পুরো বাহিনীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পড়ুন : বাংলাদেশ-জাপান ঐতিহাসিক ইএসডিপি-এমওসি চুক্তি সই: ২০২৭ সাল থেকে শুরু হচ্ছে কর্মী নিয়োগ
সা/


