সম্প্রীতি ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘকাল ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ চমৎকার ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একসঙ্গে বসবাস করে আসছে। এখানে প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছেন।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় দুর্গাপূজা উপলক্ষে কানাইনগর সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বার্তা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের রাষ্ট্রনায়ক স্পষ্ট করে বলেছেন—ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যা হবে পুরোপুরি বৈষম্যহীন এবং অসাম্প্রদায়িক।”
শেখ ফরিদুল ইসলাম ধর্মীয় উৎসবগুলোর অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরে বলেন, “জগতে প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানই মানুষের মাঝে সাম্য, শান্তি ও ঐক্যের বার্তা নিয়ে আসে। পারস্পরিক সৌহার্দ্য ও মিলেমিশে চলাই সব ধর্মের মূল কথা।”
বর্তমান সমাজের সংকীর্ণতার সমালোচনা করে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “দুর্ভাগ্যবশত আমরা দিন দিন স্বার্থপর হয়ে উঠছি। নিজেদের পরিবারের বাইরে বৃহত্তর সমাজ নিয়ে ভাবার মানসিকতা হারিয়ে ফেলছি। এই আত্মকেন্দ্রিকতার বৃত্ত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সবার প্রতি সহমর্মী হতে হবে।”
পূজা মণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন:টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন
ইমি/


