ঢাকার দোহার উপজেলায় প্রয়াত কৃষক দম্পতি আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের পাঁচ কন্যার পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রহিম শিলা।
মঙ্গলবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের রাধানগর গ্রামের প্রয়াত দম্পতির বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় শামীমা রহিম শিলা ভবিষ্যতেও অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এতিম পাঁচ কন্যার পাশে দাঁড়ানোর এবং তাদের ভবিষ্যৎ জীবন সুন্দর ও নিরাপদ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
বাবা-মাকে হারিয়ে শূন্য হয়ে যাওয়া পাঁচ বোনের জীবনে সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনা এবং তাদের ভবিষ্যৎ পথচলাকে সহজ করাই এখন গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অভাব-অনটন ও ঋণের বোঝার চাপে ৩১ দিনের ব্যবধানে আবুল কালাম আজাদ ও তার স্ত্রী ফরিদা বেগম মৃত্যুবরণ করেন। প্রথমে ফরিদা বেগম মারা যান এবং স্ত্রীর মৃত্যুর এক মাস পর গত ২৯ সেপ্টেম্বর দুপুরে তালাবদ্ধ বসতঘর থেকে স্বামী আবুল কালাম আজাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এই কৃষক দম্পতি পাঁচ বছর বয়সী এক কন্যাসন্তানসহ মোট পাঁচ মেয়ে রেখে যান। তাদের মধ্যে একজনের বিয়ে হলেও মা-বাবাকে হারিয়ে অভাবের সংসারে বাকি মেয়েদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তায় পড়ে।
পড়ুন : সব ধর্মের মানুষকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের
সা/


