অসচ্ছল পরিবারের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে জামালপুরে ২০টি পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করেছে মানবিক সহায়তা সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। এ উদ্যোগের মাধ্যমে পরিবারগুলোর নিয়মিত আয়ের সুযোগ সৃষ্টি ও জীবনমান উন্নয়নের নতুন পথ উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে এবং প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন বলেন, অসচ্ছল মানুষের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়া তাদের স্বাবলম্বী করার কার্যকর উদ্যোগ। এ ধরনের কার্যক্রম দারিদ্র্য বিমোচন ও স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভাপতির বক্তব্যে কহিনুর আলম চৌধুরী বলেন, দোস্ত এইডের লক্ষ্য শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, বরং মানুষের জন্য স্থায়ী আয়ের সুযোগ তৈরি করা। অটোরিকশা বিতরণের মাধ্যমে ২০টি পরিবারের স্বনির্ভর হয়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে। মানুষের জীবনমানের টেকসই উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আয়োজকরা জানান, অটোরিকশাগুলোর মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো নিয়মিত আয় করে নিজেদের আর্থিক সচ্ছলতা বাড়াতে পারবে। এ উদ্যোগ তাদের আর্থিক নির্ভরশীলতা কমিয়ে মর্যাদাপূর্ণ ও স্বাবলম্বী জীবন গড়তে সহায়তা করবে।
অনুষ্ঠানে জামালপুরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
পড়ুন : ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারি
সা/


