পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য এবং পুষ্টিসেবা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও সেবার মান উন্নয়নে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। এতে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় ২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন সূচকে কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। পরে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. জিন্নাত রেহানা।
গত রোববার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন ড. জিন্নাত রেহানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব আসিব আহসান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) মো. মতিউর রহমান এবং চট্টগ্রাম বিভাগের পরিচালক আবু সালেহ মো. ফোরকান উদ্দিন।
প্রশিক্ষণে নোয়াখালীর নয়টি উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, বিভিন্ন পর্যায়ের কর্মচারী এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন সূচকে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য এবং পুষ্টিসেবা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়।
প্রেজেন্টেশন পর্যালোচনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি ড. জিন্নাত রেহানা। এ সময় নোয়াখালী জেলার পরিবার পরিকল্পনা ও মা-শিশুস্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সেবার মান ও ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রশিক্ষণ কর্মশালা শেষে নোয়াখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা। কেন্দ্রটিতে প্রতি মাসে গড়ে চার শতাধিক স্বাভাবিক প্রসব বিনামূল্যে করানো হয়।
কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. মুহাম্মদ জিহাদুল হকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ২০২৬ সালে বিশ্ব জনসংখ্যা দিবসে দেশসেরা হিসেবে স্বীকৃতি পায়। এ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
পরিদর্শনকালে ড. জিন্নাত রেহানা কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। পাশাপাশি সেবা নিতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলে সেবার মান ও প্রাপ্ত সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় কেন্দ্রটির সেবার মানে সন্তোষ প্রকাশ করেন তিনি।
পরিদর্শনের একপর্যায়ে কেন্দ্রের দানবাক্সে নগদ অর্থ দেন প্রধান অতিথি ড. জিন্নাত রেহানা। এ অর্থ দিয়ে কেন্দ্রের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও সৌন্দর্যবর্ধনে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে তিনি কেন্দ্র প্রাঙ্গণে একটি আমলকীর চারা রোপণ করেন।
একই সঙ্গে নোয়াখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবার ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
পড়ুন : সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চাইল ঢাকা
সা/


