অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৪

রাজধানীর ভাটারা থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষসহ মোট ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ মদ, গাঁজা, ইয়াবা, কনডম ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও রয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাত থেকে শুরু হওয়া এই চাঞ্চল্যকর অভিযানের নেতৃত্ব দেন ডিবির উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবীর। ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

মালিকানা ও বাসা ভাড়ার অভিনব কায়দা:

গোয়েন্দা সূত্র জানায়, ভাটারা থানার পুলিশ হাউজিং-১ এলাকায় অবস্থিত আড়াইতলা বিশিষ্ট থ্রি-প্লেক্স ওই বাড়িটি পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের। বিসিএস ২৪তম ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখায় কর্মরত রয়েছেন। এর আগে তিনি সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানের স্টাফ অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, বাড়িটি স্বল্পমেয়াদি আবাসন ভাড়ার জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেওয়া হতো। এয়ারবিএনবি হলো এমন একটি মার্কেটপ্লেস, যার মাধ্যমে বিশ্বজুড়ে মানুষ তাদের বাড়ি বা অ্যাপার্টমেন্ট স্বল্প ও দীর্ঘ সময়ের জন্য পর্যটক বা অতিথিদের কাছে ভাড়া দিতে পারেন।

গোয়েন্দা উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবির জানান, “ওই বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হয়েছিল। সেখানে একজন কো-হোস্ট ও হোস্টের মাধ্যমে সবকিছু পরিচালিত হচ্ছিল। কোহোস্ট মাহবুবুল আলম আটক আছেন। এয়ারবিএনবিকে ভাড়া দেওয়া হলেও ওই বাসা থেকে যা আয় হতো, তার ৭০ শতাংশ নিতেন জহির।” এছাড়া ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটকের পর ওই কোহোস্টকে ছাড়ানোর জন্য অ্যাডিশনাল ডিআইজি জহির তদবিরও করেছিলেন।

অভিযানের নেপথ্য ও ডিবি প্রধানের বক্তব্য:

রাতভর ডিজে পার্টি, অনৈতিক কার্যকলাপ ও মাদকের কারবার পরিচালিত হচ্ছে—এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই আবাসিক এলাকার বিলাসবহুল বাড়িটিতে হানা দেয় ডিবির উত্তরা বিভাগের একটি দল।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, “ওই বাসাটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাসা। তিনি বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদকসেবন, ডিজে পার্টি পরিচালিত হচ্ছিল। সেখান থেকে ২৬ জন মহিলা ও ৫৮ জন পুরুষকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। আটকদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও আছেন। এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

প্রতি রাতেই ওই থ্রিপ্লেক্স বাড়িতে অবৈধভাবে মদসহ বড় ধরনের ডিজে পার্টির আসর বসত বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এদিকে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের সঙ্গে তার বাড়িতে ডিবির এই অভিযান ও ঘটনার বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনকলের কোনো সাড়া দেননি। একপর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়। বর্তমানে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পড়ুন : ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন