প্রতিমন্ত্রীর হাতে অস্ত্র শোভা পায় না, নেতাকর্মীদের সংশোধন হতে হবে: স্পিকার

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনা প্রসঙ্গে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, “মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কাজটা ভালোই করেছেন। পুলিশের ওপর গুলি বর্ষণ করে একদল মাদকসেবী, তাদের দমন করতে গিয়েছিলেন। তবে তাঁর হাতে অস্ত্র নেওয়াটা ঠিক হয়নি। এটা মানায় না।”

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এই গণসংবর্ধনার আয়োজন করে।

ইশরাকের কর্মকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আরও বলেন, “সরকারের প্রতিমন্ত্রী হিসেবে তাঁর সঙ্গে বডিগার্ড আছে। পুলিশ বাহিনী যদি দুর্বল হয়, দলীয় কর্মী বাহিনী যেতে পারে। কিন্তু আইনি হোক আর বেআইনি হোক, মন্ত্রী পর্যায়ের একজন নেতার হাতে অস্ত্র শোভা পায় না। যে কারণে প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন।”

তিনি বলেন, বর্তমানে দেশে প্রত্যেকের বাক্‌স্বাধীনতা রয়েছে এবং মানুষ সরকার ও সরকারপ্রধানের সমালোচনা করতে পারছেন। একজন নারী এমপির বিরুদ্ধে একটি হাসপাতাল দখলের অভিযোগ পাওয়ায় প্রধানমন্ত্রী তাঁকেও পদত্যাগের নির্দেশ দিয়েছেন এবং অনিয়মের অভিযোগে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন। অতীতে কোনো দল তাদের সংসদ সদস্য বা মন্ত্রীদের বিরুদ্ধে এভাবে দ্রুত ব্যবস্থা নেয়নি উল্লেখ করে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আপসহীন হওয়ায় এটি সম্ভব হয়েছে এবং এর মাধ্যমে বর্তমান বিএনপি সরকার ন্যায়বিচারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ হিসেবে মন্তব্য করে স্পিকার বলেন, “আওয়ামী লীগ ভেবেছিল লুটপাট করে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। মনে করেছিল এভাবেই জীবন যাবে। হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা দেশ থেকে পালিয়ে গেছে। বিগত ১৬ বছরে দেশের সম্পদ ও অর্থ লুট করে বিদেশে প্রাসাদ তৈরি করা হয়েছে এবং এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। এমনকি একজন ব্যক্তি লালমোহনে কয়েকশ জমি দখল করেছিলেন।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার মাত্র আট মাস ক্ষমতায় এসেছে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে আওয়ামী লীগের অনেক নেতার শাস্তি হয়েছে এবং আদালত শেখ হাসিনাকেও মৃত্যুদণ্ড দিয়েছেন বলে জানান তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে নিজের নতুন দায়িত্ব প্রসঙ্গে স্পিকার জানান, তানজানিয়ায় বিশ্বের ১৬৭টি দেশের সংসদ সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বকে ছয়টি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়। এর মধ্যে বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্তর্ভুক্ত। ওই অঞ্চল থেকে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। হাফিজ উদ্দিন বলেন, “এ সম্মান শুধু আমার একার নয়, সবার। এর মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।”

শারদীয় দুর্গোৎসব প্রসঙ্গে তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। অতীতের তুলনায় এবার বেশি পূজামণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে উল্লেখ করে হিন্দু সম্প্রদায়ের মানুষকে সার্বিক সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

অনুষ্ঠান শেষে লালমোহন উপজেলার ১৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে নিজস্ব তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরণ করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

পড়ুন : অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৪

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন