রাজশাহীতে জনসভা শেষে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিতে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেসময় প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিদায়মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী, সংসদ সদস্যসহ সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
ওই বিদায় অভ্যর্থনার সময় প্রধানমন্ত্রীকে এক হাত দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। পরবর্তীতে ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
এমন আলোচনার মধ্যেই রাজশাহীর বিভাগীয় কমিশনারকে পদ থেকে সরিয়ে নেওয়ার আদেশ এসেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনের তথ্যমতে, জনস্বার্থে জারি করা এই আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা প্রদান করা হয়।
যদিও প্রজ্ঞাপনে এই পদায়ন আদেশের পেছনে বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার সরাসরি কোনো সম্পর্কের কথা উল্লেখ করা হয়নি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।
একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, প্রত্যাহার হওয়া বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী আদেশের পর গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকেই তাঁর দায়িত্বভার হস্তান্তর করে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন।
উল্লেখ্য, মো. ইউসুফ আলী গত আগস্ট মাসে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য-পরিচালক পদে কর্মরত ছিলেন। বিভাগীয় প্রধান হিসেবে তিনি বিভাগের আটটি জেলার প্রশাসনিক কর্মকাণ্ডের সমন্বয়, উন্নয়ন প্রকল্প তদারকি ও সরকারি নীতি বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছিলেন। এই প্রজ্ঞাপনের পর রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে কার পদায়ন হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পড়ুন : বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সা/


