চট্টগ্রামের পটিয়ায় চালককে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে ১৫টন চিনিসহ একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। লুট হওয়া চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।
বুধবার (২১ অক্টোবর) ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার মনসা বাদামতল এলাকায় এই ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। পরে সকালে সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর দেড়টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত চালকের জ্ঞান ফিরেনি।
অচেতন চালকের নাম মো. আলমগীর (৪৫)। তিনি চাঁদপুরের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে অপর এক কাভার্ডভ্যানচালক আবুল কালাম রাস্তার পাশে চালক আলমগীরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁকে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় তাঁর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামা জানান, হাসপাতালে আনার সময় ওই চালক সম্পূর্ণ অচেতন ছিলেন। তাঁর শরীরে চেতনানাশক কোনো পদার্থ প্রবেশ করানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগতে পারে।
ছিনতাই হওয়া কাভার্ডভ্যানটির মালিক বিশ্বজিত ঘোষ জানান, মেঘনা কোম্পানির চিনি নিয়ে কাভার্ডভ্যানটি নারায়নগঞ্জ থেকে ২৮টন চিনি নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রাতে রওনা হয়েছিল। চট্টগ্রাম শহরে ১৩ টন চিনি নামিয়ে বাকী প্রায় ১৫টন চিনি ফুলকলি পটিয়া ফ্যাক্টরীতে যাচ্ছে। এর মধ্যে চিনিসহ কার্ভাটভ্যানটি পটিয়া এলাকায় ছিনতাই হয়।
ফুলকলির সহকারী সাধারণ ব্যবস্থাপক ( এজিএম) জসিম উদ্দিন জানান, নারায়ণগঞ্জ থেকে চিনিবাহী একটি কার্ভাটভ্যান পটিয়ার মনসা এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে কি পরিমান চিনি ছিল তা তিনি জানেন না। থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
তবে চিনি সরবরাহকারী ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে যখন কাভার্ডভ্যানের চালকের সাথে কথা হচ্ছিল সর্বশেষ নতুন ব্রীজ পার হচ্ছিল বলছিল। এরপর থেকে আর যোগাযোগ হয়নি তার সাথে। তিনি বলেন, ২৮ টন চিনির মধ্যে ১৩ টন চট্টগ্রাম শহরে নামানো হয়। বাকী ১৫ টন চিনি পটিয়া ফুলকলিতে নেওয়ার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। লুট হওয়া চিনির মূল্য আনুমানিক ১৬ লাখ টাকা বলে জানান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “ঘটনাটির খবর আমরা পেয়েছি। চালক পটিয়া হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পড়ুন : বন্ধ কলকারখানা চালুতে ৬০ হাজার কোটি টাকার কর্মসূচি নেওয়া হয়েছে: তিতুমীর
সা/


