গাজীপুরের শ্রীপুরে ৩০০ বছরের ঐতিহাসিক দশমী প্রতিমা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে শুরু হয় প্রতিমাগুলোর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়ার প্রতিযোগিতা। যেসব পূজামণ্ডপের প্রতিমা প্রতিযোগিতায় স্থান অধিকার করে, সেই মণ্ডপ কমিটিকে পুরস্কৃত করা হয়। এরপর প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই উৎসব শেষ হয়। উৎসবে হইহুল্লোড় শেষে সব প্রতিমা একে একে পাশের পারুলী নদীতে বিসর্জন করা হয়। এটি এক দুই বছরের নয়, এলাকার ৩০০ বছরের ঐতিহ্য।
প্রতিমা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এসময় তিনি বলেন, ৩০০ বছর ধরে এই রাজাবাড়ি কাচারি মাঠে প্রতিমা উৎসব হয়ে আসছে। এটি আমাদের শ্রীপুরের ঐতিহ্য। এটি হিন্দু সম্প্রদায়ের মানুষের ঐতিহ্য। এই ঐতিহ্যকে আপনারা দীর্ঘ বছর ধারণ করে আসছেন। আমাদের মধ্যে যে দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি রয়েছে সেটিকেও একইভাবে ধারণ করতে হবে।
তিনি বলেন, আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাব। ধর্ম নিয়ে আমাদের কোনো বিভাজন নেই। এই বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধসহ সব ধর্মের মানুষের দেশ। সব ধর্মের মানুষ যেন তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো সুন্দরভাবে করতে পারে সেটা বিশ্বাস করে আমাদের দল বিএনপি। আমাদের প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করছেন। দেশের কোথাও কোনো ধরনের সমস্যা হয়নি। শতভাগ নিরাপত্তার মাধ্যমে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু অরুণ চন্দ্র দাসের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচ খাইরুল কবির মণ্ডল আজাদ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি আহ্বায়ক নাজমুল হুদা শাহীন, পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক অর্জুন কুমার মণ্ডলসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও পূজারিরা।
পড়ুন : কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক


