শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের দিনে ঢাকার ধামরাইয়ে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিনের প্রশংসা করেছেন এক সনাতনী নারী। পাশে বসিয়ে দেওয়া বক্তব্যে তিনি ধামরাইয়ের সনাতন ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ পরিবেশে বসবাস ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের কথা তুলে ধরেন।
বুধবার (২১ অক্টোবর) ধামরাইয়ের ২৩৫টি পূজামণ্ডপে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন পূজামণ্ডপ ও বিসর্জনস্থলে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবমুখর উপস্থিতি দেখা যায়।
ভিডিও বক্তব্যে ওই সনাতনী নারী বলেন, ধামরাইয়ে তারা শান্তিতে ও ভালো আছেন। পূজা-পার্বণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানও কোনো ধরনের বাধা বা সমস্যার মুখোমুখি না হয়ে শান্তিপূর্ণভাবে পালন করতে পারছেন।
এ সময় পাশে থাকা সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওই নারী তাকে তাদের অভিভাবক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিপদে-আপদে এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তিনি তাদের পাশে থেকে সহযোগিতা করে আসছেন।
ওই নারী আরও বলেন, ধামরাইয়ে হিন্দু-মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছেন। পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির কারণেই ধর্মীয় উৎসবগুলো আনন্দঘন পরিবেশে উদযাপন করা সম্ভব হচ্ছে।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের ভাষ্য, এবারের দুর্গাপূজায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের শারদীয় দুর্গোৎসব।
পড়ুন : কোনাবাড়ীতে তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৪ লাখ টাকা


