টাঙ্গাইলে ১ হাজার ৩শ’ ৫৬ টি মন্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বিদায় জানাতে ভক্তরা ভিড় করেন। অনেকে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় জানান।
বুধবার সন্ধ্যা থেকে জেলার বিভিন্ন নদীসহ পুকুরে প্রতিমা বিসর্জন করা হয়। এদিকে সন্ধ্যা থেকে টাঙ্গাইল শহরে পদ্মমনি পুকুরে প্রতিমা বিসর্জন চলছে। এসময় কেউবা নদীর পানি ছিটিয়ে নিচ্ছিলেন নিজের ও পরিবারের সদস্যের শরীরে। রাত ১১ টা পর্যন্ত চলে প্রতিমা বিসর্জন।
প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি এসআরবি , আনসার এবং স্বেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করছে।
প্রতিমা বিসর্জনের আগে বিভিন্ন মন্দিরে চলে সিঁদুর খেলা। ধর্মীয় আবেগ আর উৎসবমুখর পরিবেশে বিবাহিতা নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন। একই সঙ্গে দেবী দুর্গাকে বিসর্জনের বিষাদের সুর বেজে ওঠে পূজা মণ্ডপগুলোতে।
জেলা পুলিশ জানায়, ১২টি উপজেলায় এবার ১ হাজার ৩শ’ ৫৬ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। প্রতিটি মণ্ডপেই পর্যাপ্ত সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিলো।
এদিকে এই পূজা নিবিঘ্ন করতে স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ এবং পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার গত কয়েকদিন পূর্জা মণ্ডপ পরিদর্শন করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এবারের দুর্গাপূজায় বিএনপি সরকার প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে। এবারের দুর্গাপূজায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। মানুষ আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে নির্বিঘ্নে উৎসব উদযাপন করেছেন। সনাতন ধর্মাবলম্বীরাও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
পড়ুন : কোনাবাড়ীতে তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৪ লাখ টাকা


