সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির বিভিন্ন রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল আটটা থেকে দাম্মামের উদ্দেশে বিমানের ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল আটটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। যাত্রী পরিবহনে এসব ফ্লাইটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।
দাম্মামের পাশাপাশি জেদ্দা রুটেও ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি। সিদ্ধান্ত অনুযায়ী—
আজ ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে।
আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।
সৌদি আরবগামী অন্যান্য রুটের ফ্লাইটগুলো সাময়িকভাবে ব্যাহত বা পুনর্বিন্যাস করা হলেও মদিনাগামী ফ্লাইটগুলোর কার্যক্রম ও নির্ধারিত সময়সূচি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পরবর্তী কোনো নির্দেশনা বা সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনাগামী ফ্লাইট চলাচল আগের মতোই অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
এর আগে সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অন্যদিকে, ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট আবার চালুর পরিকল্পনা করছে সংস্থাটি। তবে দাম্মাম বিমানবন্দরের অনুমতি পাওয়া সাপেক্ষে এসব ফ্লাইট পরিচালনা করা হবে।
শনিবার (১৭ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে যাত্রীদের জানানো হবে।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট যথারীতি চালু রয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীরা এ দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
যাত্রীদের সুবিধার্থে মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, এসব রুটে ফ্লাইট পরিচালনা ও সময়সূচি নিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
পড়ুন : সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১


