সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার এক বিবৃতিতে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) দাম্মাম বিমানবন্দরে এই হামলার খবর প্রকাশ করে। জিএসিএ জানায়, হামলায় আহতদের মধ্যে কারও আঘাত সামান্য হলেও অনেকের অবস্থা গুরুতর। তাদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে একই দিনে দেশটির শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা একটি ড্রোন দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এই ড্রোন ভূপাতিত করার ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন।
ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে চলমান সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক হামলার এটি সর্বশেষ ঘটনা।
এর আগে গত সপ্তাহে সৌদির পক্ষ থেকে জানানো হয়েছিল, গত ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হন। এর ঠিক এক দিন আগে, ১০ অক্টোবর একই বিমানবন্দরে পৃথক আরেকটি হামলায় ১২ জন নিহত এবং তিনশতাধিক মানুষ আহত হন।
হুতি বিদ্রোহীদের অব্যাহত হামলার মুখে গত বুধবার সৌদি আরব থেকে নিজেদের কূটনৈতিক মিশনের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
বার্তা সংস্থা রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরব ছাড়াও মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে অবস্থিত মার্কিন মিশন থেকেও কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের।
এমন পরিস্থিতিতে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে হুতিদের সম্ভাব্য আরও হামলার আশঙ্কায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
পড়ুন : কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু


