চুয়াডাঙ্গা জেলা কারাগারে আটক সাজাপ্রাপ্ত কয়েদি আনোয়ার হোসেন (৬০) চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা গেছেন।
বুধবার (২১ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। এর আগে রাত ১১টা ৫ মিনিটে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে কারাগার থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।
মৃত আনোয়ার হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্রপুর স্কুলপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে। তিনি কয়েদি নম্বর ৪০৭০/এ নিয়ে কারাগারে ছিলেন।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি মারামারির মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হয়ে তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে আসেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার ওয়াহিদ মাহমুদ রবিন জানান, জেলা কারাগারে আটক কয়েদি আনোয়ার হোসেন ২১ অক্টোবর রাত ১১টা ৫ মিনিটে বুকে ব্যাথা নিয়ে সদর হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে ভিসেরা রিপোর্ট করা হয়েছে। ভিসেরা রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
কারাগার সূত্রে জানাগেছে, তিনি উচ্চ রক্তচাপ (এইচটিএন) ও ইস্কেমিক হার্ট ডিজিজে (আইএইচডি) আক্রান্ত ছিলেন। গত ১৭ অক্টোবর থেকে কারা হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ২১ অক্টোবর রাত ১১টা ৫ মিনিটে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।
চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেল সুপার গোলাম দস্তগীর জানান, পেনাল কোডের ৩২৪ ধারার একটি মামলায় আদালত আনোয়ার হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। এরপর ৩০ সেপ্টেম্বর ২০২৬ তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে আসেন।
বিধি অনুযায়ী, সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন : দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহতের মরদেহ ফেরাতে স্বজনদের আকুতি


