যশোরে সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ জামায়াতের ৫ এমপির

সারা দেশের ন্যায় যশোরেও সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ তুলেছে জামায়াতের ৫ এমপি। সকলের পক্ষে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এসব অভিযোগ উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সারা দেশের মতো যশোরের ৯৩টি ইউনিয়ন এবং ৮টি পৌরসভায় সারের ডিলার নিয়োগে ব্যাপক দুর্নীতি ও দলীয়করণের প্রমাণ পাওয়া গেছে। সরকারি দলের উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা কেন্দ্র ও জেলা বিএনপির নেতৃবৃন্দের সহায়তায় অবৈধ লেনদেনের মাধ্যমে সারের ডিলারশিপ বা লাইসেন্স হাসিল করেছেন। এর ফলে প্রকৃত ব্যবসায়ী এবং কৃষির সাথে জড়িত ব্যক্তিরা সুবিধাবঞ্চিত হয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যশোরের পাঁচটি আসনে বিরোধী দলের সংসদ সদস্য থাকা সত্ত্বেও তাদের কোনো পরামর্শ বা সুপারিশকে তোয়াক্কা করা হয়নি। জেলা প্রশাসক সরকারি দলের দেওয়া তালিকাই চূড়ান্ত করে কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রে সততা, দক্ষতা কিংবা পেশাদারিত্বের কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এমনকি মাদকসহ আটক হওয়া কারবারির স্ত্রী, একাধিক ফৌজদারি মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী-সমর্থকদেরও ডিলারশিপ দেওয়া হয়েছে, যা দেশ ও জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর।

জেলা ও উপজেলা পর্যায়ের ‘সার-বীজ মনিটরিং কমিটিতে’ প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও সামাজিক, কৃষক ও ব্যবসায়িক দিক বিবেচনায় তিনজনকে অন্তর্ভুক্ত করার নির্দেশনা থাকলেও জামায়াতের পাঁচজন এমপির কোনো পরামর্শ গ্রহণ করা হয়নি। বিপরীতে কেবল বিএনপি থেকেই সকল সদস্য নেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

সরকারি নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে এভাবে দলীয়করণ ও দুর্নীতির মাধ্যমে সারের ডিলার নিয়োগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াত নেতৃবৃন্দ। একই সাথে বর্তমান ডিলারশিপ বাতিল করে সঠিক নিয়ম মেনে প্রকৃত সৎ ও যোগ্য ব্যবসায়ীদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার জোর দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে যশোর-১ আসনের এমপি মাওলানা আজিজুর রহমান, যশোর-২ আসনের এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর-৬ আসনের এমপি অধ্যাপক মুক্তার আলীসহ জেলা নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহতের মরদেহ ফেরাতে স্বজনদের আকুতি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন