চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় এলাকার বিএনপির চার ইউনিটের নেতাকর্মী ও তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফটিকছড়ি সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন সংসদ সদস্য। সকাল ৯টায় শুরু হওয়া সভা চলে বিকেল ৫টা পর্যন্ত। এতে ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি উত্তর উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা বিএনপি ও নাজিরহাট পৌরসভা বিএনপির প্রায় দেড় হাজার নেতাকর্মী অংশ নেন।
সভায় সরোয়ার আলমগীর বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ অঞ্চলের বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, মারমা, সাঁওতালসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ আমাকে ভোট দিয়ে বিপুল ব্যবধানে ভূমিধস বিজয়ী করে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আপনাদের এ ঋণ আমি কখনো শোধ করতে পারব না। আপনাদের সঙ্গে নিয়ে সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই আপনাদের বিভিন্ন দাবির প্রতিফলন রয়েছে। ইনশাআল্লাহ, ধীরে ধীরে সব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।”
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে সরোয়ার আলমগীর বলেন, “আমাকে যেভাবে তৃণমূল থেকে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তেমনি আগামী ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তিনি।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা ইতোমধ্যে দেখেছেন, অন্যায় হলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কাউকে ছাড় দিচ্ছেন না—মন্ত্রী থেকে সংসদ সদস্য পর্যন্ত। তাই সবাইকে এ বিষয়ে সতর্ক থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী বলেন, “তৃণমূল হচ্ছে দলের প্রাণ। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপিকে ক্ষমতায় এনেছেন। আগামী ইউপি নির্বাচনে আমি ও সংসদ সদস্য সরোয়ার আলমগীর তৃণমূলকে বেছে নেব।”
তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় মঞ্চে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা ফজল বারী, আবুল কালাম আজাদ, ফরিদুল আলম চেয়ারম্যান ও শাহনেওয়াজ সেবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পড়ুন : গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার


