চট্টগ্রামের ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশের ঝোপঝাড় থেকে এক নবজাতক ছেলে শিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং এলাকার আমতলে শিশুটিকে দেখতে পান স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর মহাসড়কের পাশে ঝোপঝাড়ে শিশুটিকে পড়ে থাকতে দেখে পথচারী ও স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাজা বলেন, রাস্তার পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখে তাঁরা এগিয়ে যান। শিশুটির বয়স একদিনও হয়নি বলে তাঁদের মনে হয়েছে। পরে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করেছে। নবজাতকটি বর্তমানে পুলিশি হেফাজতে নিরাপদে রয়েছে।
তিনি আরও জানান, কে বা কারা শিশুটিকে মহাসড়কের পাশে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার


