ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি সালহা খানম নাদিয়া ও সালমান আরাফাতের একমাত্র কন্যাসন্তান মেহরোজ নূর সানাহ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ৯ মাস বয়সী শিশুটি বর্তমানে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে মেয়ের এই অসুস্থতার কথা জানান অভিনেত্রী নাদিয়া।
ফেসবুক বার্তায় নাদিয়া লেখেন, ‘আমাদের সানাহ বেবি অনেক অসুস্থ, হাম পজিটিভ। প্রচণ্ড সর্দি-জ্বরে ভুগছে, চিকিৎসা চলছে।’
অন্যান্য অভিভাবকদের উদ্দেশ্যে সন্তানদের নিরাপদে রাখার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘সবাই নিজের বাচ্চাদের প্রতি যত্নশীল হোন, বাচ্চাদের নিরাপদে রাখুন। সবাই আমার সানাহ বেবির জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই উদ্বেগ প্রকাশ করছেন নাদিয়ার ভক্ত-অনুরাগী ও বিনোদন অঙ্গনের সহকর্মীরা। তারা মন্তব্যের ঘরে শিশু সানাহর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করছেন।
উল্লেখ্য, চিকিৎসকদের মতে হাম সব বয়সের মানুষের হতে পারলেও শিশুরা এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয় এবং ঝুঁকিতে থাকে। দেশে প্রতিনিয়ত শিশুরা এ রোগে আক্রান্ত হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ জুন বিনোদন অঙ্গনের শিল্পী সালমান আরাফাতকে বিয়ের খবর প্রকাশ্যে আনেন নাদিয়া। পরবর্তীতে চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি এই দম্পতির কোলজুড়ে আসে কন্যাশিশু মেহরোজ নূর সানাহ।
পড়ুন : সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলিবর্ষণ
সা/


