ধামরাইয়ে রিকশা ভাড়ার নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে মানুষ

ঢাকার ধামরাইয়ে রিকশা ও অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে রাজপথে নেমেছেন সাধারণ মানুষ। চালকদের কর্মবিরতিতে ভোগান্তি এবং ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ তুলে ন্যায্য ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছেন তাঁরা। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় ধামরাই থানা বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে রিকশা ও অটোরিকশার নির্দিষ্ট ভাড়া তালিকা প্রণয়ন এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করা হয়।

এর আগে রোববার সকালে ভাড়া বৃদ্ধি এবং চার্জিং স্টেশনের বিদ্যুৎ বিল কমানোর দাবিতে ধামরাই পৌর এলাকায় প্রায় তিন থেকে চার ঘণ্টা অটোরিকশা চলাচল বন্ধ রাখেন চালকেরা। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। জরুরি প্রয়োজনে গন্তব্যে যেতে অনেককে বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হয়। চালকদের দাবিকে কেন্দ্র করে সৃষ্ট এ পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে সচেতন নাগরিকদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে দেওয়ান নজরুল ইসলাম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ এমনিতেই চাপে রয়েছেন। এর মধ্যে রিকশা ও অটোরিকশার ভাড়া ইচ্ছেমতো বাড়ানো হলে মানুষের দৈনন্দিন জীবন আরও কঠিন হয়ে পড়ে। স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রেও অযৌক্তিক ভাড়া দাবি করার অভিযোগ তুলে তিনি এর প্রতিকার দাবি করেন। বক্তারা বলেন, চালকদের ন্যায্য দাবি থাকলে তা আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান করা উচিত। কিন্তু যানবাহন চলাচল বন্ধ রেখে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলা কিংবা যাত্রীদের সামর্থ্যের বাইরে ভাড়া দাবি করা গ্রহণযোগ্য নয়।

সমাবেশ থেকে ‘ভাড়া বাড়ানো চলবে না’ ও ‘ন্যায্য ভাড়া নিশ্চিত করো’ স্লোগান দেওয়া হয়। বক্তারা রিকশা ও অটোরিকশার জন্য দূরত্বভিত্তিক, যৌক্তিক ও সর্বজনগ্রাহ্য ভাড়া তালিকা তৈরির দাবি জানান। পাশাপাশি যানবাহনের নিবন্ধন ও ব্যবস্থাপনা, ভাড়া নির্ধারণে ধামরাই পৌরসভা ও স্থানীয় প্রশাসনের কার্যকর উদ্যোগ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তদারকির আহ্বান জানান তাঁরা। তাঁদের মতে, চালকদের আয় ও যাত্রীদের আর্থিক সামর্থ্য বিবেচনায় নিয়ে ভাড়া নির্ধারণ করা হলে এ ধরনের বিরোধ ও জনদুর্ভোগ কমানো সম্ভব।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন দেওয়ান নজরুল ইসলাম, বিএএফ শাহীন কলেজ ঢাকার শিক্ষক মো. সোহেল রানা, তানজিল ইসলাম নিশাদ, মো. আল আমিন খান পিয়াল, রিজভী, মো. আশিকুর রহমান আশিকসহ আরও অনেকে। সমাবেশ থেকে সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং সাশ্রয়ী ও ন্যায্য ভাড়া নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, চালকসহ তিনজনকে যাবজ্জীবন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন