এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্ট : বাংলাদেশের দুই আর্চারের প্রথম স্থান অর্জন

ইরাকের সুলাইমানিয়াহ শহরে শুরু হয়েছে ২০২৬ এশিয়া কাপ—ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্ট, স্টেজ-২। ২৪ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠেয় এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৭টি দেশের ৯১ জন আর্চার অংশগ্রহণ করছেন। রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনের বিভিন্ন ইভেন্টে পদক অর্জনের পাশাপাশি বিশ্ব র‍্যাঙ্কিং পয়েন্ট অর্জনের জন্যও প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ।

প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে গত ২২ অক্টোবর ১৬ সদস্যবিশিষ্ট বাংলাদেশ আর্চারি দল ঢাকা ত্যাগ করে। দলে ১২ জন আর্চারের পাশাপাশি চারজন কর্মকর্তা রয়েছেন।

কোয়ালিফিকেশন রাউন্ডের ফলাফল

আজ ২৫ অক্টোবর অনুষ্ঠিত কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ ডিভিশনে ৭০ মিটার এবং কম্পাউন্ড ডিভিশনে ৫০ মিটার দূরত্বে ৭২টি করে তীর নিক্ষেপের মাধ্যমে আর্চাররা নিজেদের অবস্থান নির্ধারণ করেন।

রিকার্ভ পুরুষ বিভাগে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ ৭২০-এর মধ্যে ৬৫৭ স্কোর করে ২৮ জন প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন। আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি ৬৫৩ স্কোর করে চতুর্থ এবং মোঃ সাগর ইসলাম ৬৪৪ স্কোর করে সপ্তম স্থান অর্জন করেন।

রিকার্ভ মহিলা বিভাগে সায়মা সালাহ উদ্দিন ৭২০-এর মধ্যে ৬৩৫ স্কোর করে ২৭ জন প্রতিযোগীর মধ্যে পঞ্চম স্থান অর্জন করেন। সোনালী রায় ৬২২ স্কোর করে সপ্তম এবং সীমা আক্তার শিমু ৬১৮ স্কোর করে অষ্টম স্থান অর্জন করেন।

কম্পাউন্ড পুরুষ বিভাগে বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব ৭২০-এর মধ্যে ৬৯৩ স্কোর করে ১৮ জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করেন। মোঃ তারিকুল ইসলাম ৬৯১ স্কোর করে তৃতীয় এবং হিমু বাছাড় ৬৯১ স্কোর করে চতুর্থ স্থান অর্জন করেন।

কম্পাউন্ড মহিলা বিভাগে বাংলাদেশের বন্যা আক্তার ৭২০-এর মধ্যে ৬৯৬ স্কোর করে ১৮ জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করেন। শ্রীপর্ণা বিশ্বাস ৬৮১ স্কোর করে চতুর্থ এবং মোসা. কুলসুম আক্তার মনি ৬৮১ স্কোর করে পঞ্চম স্থান অর্জন করেন।

কোয়ালিফিকেশন রাউন্ডে কম্পাউন্ড পুরুষ ও মহিলা উভয় বিভাগে বাংলাদেশের আর্চারদের প্রথম স্থান অর্জন দেশের জন্য একটি ইতিবাচক ফলাফল। পাশাপাশি রিকার্ভ পুরুষ বিভাগে আব্দুর রহমান আলিফের তৃতীয় স্থান অর্জনও দলের সামগ্রিক পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

পরবর্তী প্রতিযোগিতা

আগামীকাল ২৬ অক্টোবর রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনের দলগত ও মিশ্র দলগত ইভেন্টের নকআউট পর্ব অনুষ্ঠিত হবে। এরপর ২৭ অক্টোবর ব্যক্তিগত ইভেন্টের পরবর্তী পর্ব এবং ২৮ ও ২৯ অক্টোবর যথাক্রমে কম্পাউন্ড ও রিকার্ভ বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে।

বাংলাদেশ আর্চারি ফেডারেশন আশা করছে, দেশের আর্চাররা পরবর্তী ইভেন্টগুলোতেও নিজেদের দক্ষতা ও ধারাবাহিকতা বজায় রেখে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনবেন।

বিজ্ঞাপন

পড়ুন : নতুন কুঁড়ি স্পোর্টস-এর দ্বিতীয় আসরের প্রস্তুতি দেখতে খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন