গাজীপুরের কালিয়াকৈরে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে উপজেলার ২২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।
সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন।
উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ, দাখিল ও আলিম মাদ্রাসাসহ নিবন্ধিত মোট ২২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধানরা সভায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হুমাযুন কবির খান,কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশেও গুরুত্ব দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটির সভাপতিদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষার পরিবেশ প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার প্রতি নজর দিতে হবে। শিক্ষার মানোন্নয়নে প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
সভায় শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান এবং প্রতিষ্ঠান পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় কালিয়াকৈরের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
পড়ুন : সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
সা/


