এক দিনে এক লাখ গাছ রোপণ, সবুজ চট্টগ্রাম গড়তে জেলা প্রশাসনের মহাপরিকল্পনা

এক দিনে এক লাখ গাছ রোপণ করে সবুজায়নের নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চায় চট্টগ্রাম জেলা প্রশাসন। সোমবার (২৭ অক্টোবর) জেলার ১৬টি উপজেলায় একযোগে বাস্তবায়ন করা হবে এ কর্মসূচি। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ চট্টগ্রাম গড়ে তোলার লক্ষ্যে নেওয়া হয়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ।

কর্মসূচি সফল করতে প্রায় ১৫ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। ইতোমধ্যে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের জন্য গর্ত প্রস্তুত করা হয়েছে। রোপণ করা চারার কোনোটি নষ্ট হয়ে গেলে কিংবা দুর্বল হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে নতুন চারা লাগানোর পরিকল্পনাও রয়েছে। এ জন্য অতিরিক্ত ১০ থেকে ২০ হাজার চারা প্রস্তুত রাখার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত ডিসি পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিঞা।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং চট্টগ্রামকে আরও সবুজ করে গড়ে তুলতে এক দিনে এক লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার ১৬টি উপজেলায় একই দিনে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত স্থানগুলোতে গাছ লাগানোর জন্য গর্ত তৈরির কাজও সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, শুধু গাছ লাগানোই এ কর্মসূচির মূল লক্ষ্য নয়; বরং রোপণ করা প্রতিটি চারার সুরক্ষা ও বেড়ে ওঠা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। কোনো চারা নষ্ট হলে বা দুর্বল হয়ে পড়লে সেটির পরিবর্তে নতুন চারা লাগানো হবে। এ জন্য অতিরিক্ত চারা প্রস্তুত রাখার পরিকল্পনা করা হয়েছে।

জেলা প্রশাসনের এ উদ্যোগে তুলনামূলক বড় ও মানসম্মত চারা রোপণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) পাঠান মো. সাইদুজ্জামান, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. ফজলে রাব্বিসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : মিরপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ১

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন