নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের পাকুন্ডা এলাকায় ডাকাতের কবলে পড়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। সড়কে বড় বড় পাথর ফেলে গাড়ির গতিরোধ করে ডাকাতির ঘটনায় অল্পের জন্য রক্ষা পান তিনি।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লা থেকে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
রফিকুল ইসলাম মাদানী ফেসবুক লাইভে এসে জানান, সড়কে পাথর ফেলে যানবাহনের গতিরোধ করছিল ডাকাতরা। তাদের হাতে রামদা ছিল বলেও জানান তিনি। তার গাড়ি কিছুটা দূরে থাকায় এবং চালক দ্রুত গাড়ি ঘুরিয়ে নেওয়ায় তারা রক্ষা পান। তবে অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
এ ঘটনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
পড়ুন : সিরাজগঞ্জের রায়গঞ্জে মৎস্য প্রকল্পের খুঁটি-তার সরানোর অভিযোগ


