মৌলভীবাজারের বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা এবং জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩ ঘঠিকায় বড়লেখা উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা জজ আদালতের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মুহাম্মদ রবিউল আউয়াল।
সভায় জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের অগ্রগতি, সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের সমন্বয় এবং সাধারণ মানুষের জন্য বিনা খরচে বা স্বল্প খরচে আইনগত সহায়তা পাওয়ার সুযোগ আরও সহজ ও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া গ্রাম আদালতের কার্যক্রম, ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে জন্য সরকারি আইনগত সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করা প্রয়োজন। এ ক্ষেত্রে জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটির মধ্যে কার্যকর সমন্বয়, জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে আইনগত সহায়তার তথ্য পৌঁছে দেওয়া গুরুত্বপূর্ণ। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুর রহমান পাভেল, বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট জিয়াউল হক, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাইমা নাদিয়া, কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এবং মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার তারিক হাসান।
এ ছাড়া বক্তব্য দেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মধ্যে ছিলেন ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক সাদিয়া নাইমা হোসেন এবং বড়লেখার কাঠালতলী ব্রাকের অফিসার অলিকা দাস।
সভায় মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য, মৌলভীবাজার ও বড়লেখা উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব বড়লেখার সাধারণ সম্পাদক রুয়েল কামাল, সাংগঠনিক সম্পাদক আলী উবায়েদ ইমন ও সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
পড়ুন : মিরপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ১


