নারায়ণগঞ্জের বন্দরে উপজেলা কৃষি অফিসের পুরোনো ভবনের ছাদ ও ভিমের পলেস্তারা খসে পড়ে তিন কৃষি কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে সভা চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—উপসহকারী কৃষি কর্মকর্তা সায়েদুল ইসলাম, মোহাম্মদ কামরুজ্জামান ও মাহমুদা আখতার। দুর্ঘটনার পর তাঁদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, দুপুরে কৃষি অফিসের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে কর্মকর্তাদের সভা চলছিল। এ সময় হঠাৎ ছাদ ও ভিমের পলেস্তারা খসে পড়লে তিন কর্মকর্তা আহত হন। এতে সভাকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউএনও শিবানী সরকার বলেন, *“ভবনটি ১৯৭৭ সালে নির্মিত হওয়ায় খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিকল্প কোনো স্থান না থাকায় সভাসহ বিভিন্ন কার্যক্রম এখানেই পরিচালনা করতে হতো। বিষয়টি জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে। আশা করছি, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”*
পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনটিতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত কার্যক্রম চলায় ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
পড়ুন : খেলনা পিস্তল দেখিয়ে ভয়, ফোনে অনলাইন জুয়ার প্রমাণ: আটক ২


