নারায়ণগঞ্জের বন্দরে অটোরিকশা পার্কিংকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষ বন্দর থানায় পৃথক লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে মারধর, দেশীয় অস্ত্র প্রদর্শন ও হত্যার হুমকির অভিযোগ করেছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে বন্দর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রথম অভিযোগে অটোচালক মো. রুবেল (৩২) দাবি করেন, সকাল ১১টার দিকে বন্দর ঘাটের সামনে নবীগঞ্জ স্ট্যান্ডের এক অজ্ঞাত অটোচালক সড়ক আটকে অটো পার্ক করে রাখেন। তিনি ওই অটোচালককে রাস্তা বন্ধ করে পার্কিং করতে নিষেধ করলে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সেলিম ভাঙ্গারি (৪৫), রিংকন (২৫)সহ ২০/২৫ জন তাকে মারধর করেন বলে অভিযোগ করেন রুবেল।
অভিযোগে তিনি আরও দাবি করেন, হামলাকারীদের কয়েকজনের হাতে রামদা, চাকু, সুইচ গিয়ার ও এসএস পাইপ ছিল। তার চিৎকারে বন্দর চৌধুরীবাড়ি স্ট্যান্ডের কয়েকজন চালক এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করেন। এ সময় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, একই ঘটনায় অজিত (৪২)সহ কয়েকজনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন মো. সেলিম (৫০)। তার অভিযোগ, সকাল ৯টার দিকে তার ভাতিজা জোনাক (৩৫) বন্দর ঘাটে সিএনজি নিয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন। এ সময় অজিতসহ কয়েকজন তাকে স্ট্যান্ড থেকে চলে যেতে বলেন। কারণ জানতে চাইলে তারা জোনাককে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে বের করে দেন।
পরে ভাতিজাকে মারধরের কারণ জানতে অজিতের কাছে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন সেলিম। একপর্যায়ে অজিত সুইচ গিয়ার চাকু দিয়ে তার বুকে আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে প্রতিহত করেন। এতে তার বাম হাতের তালুতে কাটা রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, বন্দর ঘাট এলাকায় অটোরিকশা পার্কিং নিয়ে ঘটনার সূত্রপাত। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হামলার ঘটনায় বন্দর থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন : মিরপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ১


