মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুজনের মধ্যে মো. মারুফ হোসেন (৪০) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলাকালে বিকেল ৩ টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন মো. রাসেল (৩৫)। তাঁকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটে খবর আসে, পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মী গোসল করতে নদীতে নেমেছেন। তাঁদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও মারুফ ও রাসেল নিখোঁজ হন।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধারে অভিযান শুরু করে। নিখোঁজ মারুফ হোসেনের বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায়। অপর নিখোঁজ ব্যক্তি রাসেলের বাড়ি পটুয়াখালীতে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। একপর্যায়ে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর বিকেল ৩ টার দিকে মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, নিখোঁজ রাসেলকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে। তাঁকে উদ্ধারে প্রয়োজনীয় সকল কার্যক্রম চালানো হচ্ছে।
পড়ুন : জাতীয় গ্রিড পুনরুদ্ধার শেষ, পর্যায়ক্রমে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ
সা/


