টাঙ্গাইলে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল বাংলাদেশ লইয়ারস কাউন্সিল

টাঙ্গাইলে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ লইয়ারস কাউন্সিলের টাঙ্গাইল জেলা শাখা। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে নবীন আইনজীবীদের পেশাগত জীবনে সততা, নৈতিকতা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ লইয়ারস কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে জসীম উদ্দিন সরকার বলেন, আইনজীবীদের সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পেশাগত জীবনে নৈতিকতার গুরুত্ব অপরিসীম। নৈতিকতার মধ্য দিয়ে যে মানসিক শান্তি ও আত্মতৃপ্তি অর্জন করা যায়, তা অন্য কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয়। একজন আইনজীবীর প্রধান দায়িত্ব হলো আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করা।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ এবং মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আইনজীবী সমাজের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এ ভূমিকা আরও কার্যকর করতে আইনজীবীদের পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা অর্জন, আইনের যথাযথ চর্চা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ লইয়ারস কাউন্সিলের কেন্দ্রীয় সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

তিনি তাঁর বক্তব্যে দেশে হত্যাকাণ্ড বন্ধ এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিচার বিভাগকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কার্যকর বিচারব্যবস্থা প্রতিষ্ঠা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা না গেলে অপরাধ নিয়ন্ত্রণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন কঠিন।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ২০২৫ সালের নভেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছিল।পরবর্তী সময়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার এপ্রিলে সেই প্রজ্ঞাপন বাতিল করে দেয়। এর ফলে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করার দীর্ঘদিনের প্রত্যাশা বাধাগ্রস্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তাঁর মতে, বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকর পৃথকীকরণ নিশ্চিত করা না গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ আরও কঠিন হয়ে পড়বে।

দেশের প্রচলিত আইনের বিভিন্ন অসংগতি তুলে ধরে তিনি আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ন্যায়, ইনসাফ ও আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবী সমাজকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ লইয়ারস কাউন্সিলের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সরকার কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ লইয়ারস কাউন্সিলের টাঙ্গাইল জেলা শাখার প্রধান উপদেষ্টা আহসান হাবীব মাসুদ, অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, অধ্যাপক শফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট আনিসুর রহমান, নবীন আইনজীবী অ্যাডভোকেট মাহমুদা হক, অ্যাডভোকেট আলমাস প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস পালন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন