বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে মোগরাপাড়া চৌরাস্তা প্রদক্ষিণ করে পিরোজপুর ইউনিয়নের শুকতারা সিএনজি পাম্পের সামনে গিয়ে শেষ হয়। এতে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।
র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।
বক্তব্যে খাইরুল ইসলাম সজিব বলেন, “জাতীয়তাবাদী যুবদল উড়ে এসে জুড়ে বসেনি। বিগত ১৭ বছর রাজপথে লাগাতার আন্দোলনের মধ্য দিয়েই আজকের এই স্বৈরাচারমুক্ত বাংলাদেশ অর্জিত হয়েছে, যেখানে যুবদল মুখ্য ভূমিকা পালন করেছে।”
তিনি আরও বলেন, “কিছু স্বৈরাচারের কাপুরুষ নেতা এখন ধানমন্ডি ও বিভিন্ন রেস্তোরাঁয় বসে মিটিং করেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন, আগামী ডিসেম্বরে আসছেন। অথচ তাঁরা রাতের আঁধারে লুঙ্গি পরে নারায়ণগঞ্জ থেকে পালিয়েছিলেন। তাঁরা আবার কীভাবে সোনারগাঁয়ে মুখ দেখাবেন? আমরা ফেসবুকে নয়, রাজপথে রাজনৈতিক আন্দোলন ও লড়াইয়ের মাধ্যমে সব অপশক্তিকে মোকাবিলা করব।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের দরবারে শান্তিপূর্ণ ও উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়ার সভাপতিত্বে এবং অন্যান্য নেতার পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হারুন অর রশিদ মিঠু, করিম রহমান, সেলিম হোসেন দিপু, সোহেল রানা, ইমরান ফারুক ও আব্দুল মান্নানসহ সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পড়ুন : সংবাদের জের: খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ ঘের উচ্ছেদ শুরু, স্বস্তিতে জেলেরা


