ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমান ভারতীয় ফুচকা ও বিস্কুট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে প্রায় ১০ টন ফুচকা ও ৩ হাজার ৮২০ প্যাকেট বিস্কুট। এ সময় কাভার্ড ভ্যানটিও আটক করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৫টার দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। স্থানটি সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়। পরে ভ্যানটি থেকে ৯ হাজার ৯৩৬ কেজি ভারতীয় ফুচকা ও ৩ হাজার ৮২০ প্যাকেট বিস্কুট জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মূল্য প্রায় সাড়ে ৫২ লাখ টাকা। এসব পণ্য ও যানবাহন আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে তাদের দায়িত্বপূর্ণ এলাকার বিজয়নগর, আখাউড়া ও হবিগঞ্জের মাধবপুর উপজেলায় টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ
সা/


