বাংলাদেশের হ্যান্ডবলের উন্নয়ন, জাতীয় দলের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন পর্তুগিজ হ্যান্ডবল কোচ FERNANDO MIGUEL DE OLIVEIRA NUNES আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখে ডেনমার্কের কোপেনহেগেন থেকে বাংলাদেশে আসছেন।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে তিনি আগামী ১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের উন্নত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন। বিশেষ করে, ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠিতব্য ২১তম এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় নারী হ্যান্ডবল দলের প্রস্তুতি ও প্রশিক্ষণের দায়িত্ব পালন করবেন।
আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই কোচ খেলোয়াড়দের কারিগরি দক্ষতা, কৌশলগত সক্ষমতা, শারীরিক প্রস্তুতি এবং দলীয় সমন্বয় উন্নয়নে আধুনিক প্রশিক্ষণপদ্ধতি প্রয়োগ করবেন। তাঁর অভিজ্ঞতা ও দিকনির্দেশনা জাতীয় নারী দলের আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতিকে আরও কার্যকর ও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
কোচের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও অর্জন
ফার্নান্দো মিগুয়েল ডি অলিভেইরা নুনেস পর্তুগাল জাতীয় দলের হয়ে ৭০টি আন্তর্জাতিক সিনিয়র ম্যাচে অংশগ্রহণ করেছেন। তাঁর খেলোয়াড়ি জীবনে উল্লেখযোগ্য আন্তর্জাতিক অর্জনের মধ্যে রয়েছে ১৯৯২ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইউরোপীয় অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক, ১৯৯১ সালে পর্তুগালে লাতিন কাপ চ্যাম্পিয়নশিপ অর্জন এবং ১৯৯৫ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক লাভ। আন্তর্জাতিক ক্রীড়ায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পর্তুগিজ সরকারের ক্রীড়া মেধা পদকেও ভূষিত হন।
ক্লাব পর্যায়েও তাঁর রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। তিনি পর্তুগালের ঐতিহ্যবাহী ক্লাব Sporting Clube de Portugal-এর হয়ে একাধিক মেয়াদে খেলেছেন। এছাড়া স্পেনের Liga ASOBAL-এ Juventud Deportiva Arrate এবং পর্তুগালের Ginásio Clube do Sul, Vitória de Setúbal ও Seixal Futebol Clube-এর প্রতিনিধিত্ব করেছেন। তাঁর ক্লাব অর্জনের মধ্যে রয়েছে পর্তুগিজ জাতীয় লিগ শিরোপা, তিনবার পর্তুগিজ কাপ, পর্তুগিজ সুপার কাপ এবং EHF Challenge Cup জয়। পাশাপাশি তিনি EHF Champions League, EHF Cup ও Cup Winners’ Cup-এর মতো ইউরোপীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
পড়ুন : ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৮৮৬
সা/


