সীমান্তে বিজিবির অভিযান: নেত্রকোনায় প্রায় পৌনে ৮ লাখ টাকার পণ্য জব্দ

সীমান্তে চোরাচালান রোধ ও অবৈধ বাণিজ্য বন্ধে অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় নেত্রকোনার সীমান্তবর্তী এলাকাগুলোতে ছয়টি পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় কয়লা, মদ, শীতের কম্বল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। গত বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত চালানো এসব অভিযানে জব্দকৃত মালামালের সিজার মূল্য সাত লাখ ৬৭ হাজার চারশো টাকা।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৩১ বিজিবি’র অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুই দিনে সীমান্তের বিভিন্ন পয়েন্টে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানগুলো পরিচালিত হয়। প্রতিটি অভিযানেই বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় সেগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোরের আলো ফোটার আগেই সীমান্তের নদীপথে কয়লা চোরাচালান রুখে দেয় বিজিবি। ভোর সাড়ে ৫টার দিকে ভবানীপুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) একটি টহল দল সীমান্ত পিলার ১১৫৩ এমপি থেকে আনুমানিক পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে সোমেশ্বরী নদীতে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় পাঁচ হাজার চারশো কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য এক লাখ আট হাজার টাকা।

এর ঠিক এক ঘণ্টা পর, সকাল সাড়ে ৬টায় বিজয়পুর বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১১৫২ এমপি হতে ছয়শো গজ বাংলাদেশের ভেতরে সোমেশ্বরী নদীর অপর আরেকটি পয়েন্টে অভিযান পরিচালনা করে। সেখান থেকে দুই লাখ ৫০ হাজার টাকা মূল্যের আরও ১২ হাজার পাঁচশো কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়।

শীত মৌসুমকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে কম্বল ও নিত্যপণ্য পারাপারের চেষ্টাও ব্যর্থ করে দিয়েছে বিজিবি। গতকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় পাঁচগাঁও বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১১৮১/৫-এস থেকে তিনশো গজ ভেতরে সন্ন্যাসীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক পিস ভারতীয় কম্বল, দুইশো কেজি চিনি এবং আটশো পিস সাবান আটক করে। এসব পণ্যের সিজার মূল্য ৫১ হাজার টাকা।

একই দিন মধ্যরাতে (২৩টা ৪৫ মিনিটে) বিজয়পুর বিওপি’র সদস্যরা সীমান্ত পিলার ১১৫১ এমপি থেকে তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রেমবাজার এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা মূল্যের ৪০ পিস ভারতীয় কম্বল জব্দ করেন। এ ছাড়া আজ (শুক্রবার) ভোর ৫টায় একই পিলারের আওতাধীন পশ্চিম বিজয়পুর এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে রাখা ৫০ হাজার চারশো টাকা মূল্যের ৩৬০ কেজি বাংলাদেশী রসুন জব্দ করে বিজয়পুর বিওপি’র টহল দল।

চোরাচালান রোধের পাশাপাশি সীমান্তে মাদকের অনুপ্রবেশ ঠেকাতেও কঠোর অবস্থানে রয়েছে ৩১ বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পাঁচগাঁও বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৮১/৬-এস হতে তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্ন্যাসীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় এক লাখ আট হাজার টাকা মূল্যের ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, উদ্ধারকৃত ভারতীয় মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং কয়লা, কম্বল, চিনি, সাবান ও রসুনসহ অন্যান্য মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।নেত্রকোণা সীমান্তে বিজিবির ৬ অভিযান: পৌনে ৮ লাখ টাকার পণ্য জব্দ।

পড়ুন : শীতের নতুন সবজি আসলেও রাজধানীতে চড়া দামের উত্তাপ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন