নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছয় বছর বয়সী এক শিশু সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা মাহমুদুল হক শাহীন (৪০) এবং তার শিশু পুত্র রাজিন (৬)। নিহত শাহীন পেশায় কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড় এলাকায় বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মধ্যে তীব্র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মাহমুদুল হক শাহীন, তার শিশু সন্তান রাজিন এবং অপর এক নারী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মাহমুদুল হক শাহীন ও তার ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনায় আহত নারীর শারীরিক অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছায়। নিহত বাবা ও ছেলের মরদেহ বর্তমানে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন : সিরাজগঞ্জের যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার


