পাবনা সদর উপজেলার সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে ভয়াবহ বজ্রপাতে প্রাণ হারানো ৬ জনের যৌথ জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার ( ৩১ অক্টোবর)
সকাল ১০টায় মালঞ্চি ইউনিয়নের বাসুদেবপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাদের দাফন করা হয়। এই মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আজ সকালে একসঙ্গে ৬টি কফিন ঈদগাহ মাঠে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও স্থানীয় এলাকাবাসী। স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে।
শুক্রবার বিকেলে সোনাপাতিল বিলে মাছ শিকারে যান একদল যুবক। হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হলে তারা বিলের পাশের একটি অস্থায়ী প্লাস্টিকের ঘরে আশ্রয় নেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ৬ যুবকের করুণ মৃত্যু হয়। নিহতরা হলেন—নলমুড়া গ্রামের রব্বেল, মিজান, সাজিদ, আবদুল্লাহ ও ইমন এবং গজমতিকুণ্ডা গ্রামের শাওন। ঘটনায় আহত রিপনসহ আরও ৪-৫ জন বর্তমানে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে নিহতদের প্রতিটি পরিবারকে নগদ ৫০ হাজার টাকা ও আহতের পরিবারকে ২৫ হাজার টাকা
করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
পড়ুন : এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সা/

