সিরাজগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২২ ঘণ্টা পর জুনায়েদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (৩১ অক্টোবর) সকালে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট পশ্চিম খানপাড়া এলাকায় নদীর পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ (১২) ভদ্রঘাট গ্রামের মৃদু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে ৪ বন্ধুর সাথে নদীতে গোসল করতে নামে জুনায়েদ। এ সময় তিন বন্ধু সাঁতরে নদী থেকে উঠে আসতে পারলেও জুনায়েদ পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও জেলেরা জাল দিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। রাত পর্যন্ত চেষ্টা চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দল আজ শনিবার সকালে নিখোঁজের স্থান থেকে প্রায় ১৫০ মিটার দূরে নদীর ভেতর থেকে জুনায়েদের মরদেহ উদ্ধার করেছে।
কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর ফরিদ উদ্দিন এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল পৌনে ৯টার দিকে শিশুটির মরদেহ পাওয়া যায়। তিনি আরো জানান, নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের লিডার মশিউর রহমান বলেন, কিশোরটি যেখানে পানিতে তলিয়ে গিয়েছিল, সেখান থেকে প্রায় ১৫০ মিটার দূরে নদীর ভেতর থেকে সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পড়ুন : এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সা/


