নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শম্ভুপুরা ইউনিয়নে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। ৩০ জন এমবিবিএস চিকিৎসকের সমন্বয়ে আয়োজিত এ ক্যাম্পে প্রায় সাড়ে ৩ হাজার নারী-পুরুষ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নোবেল মীরের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র ও রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মো. রাসেল ভূঁইয়া, যুবদল নেতা হারুন রশীদ মিঠু, কাউসার আহমেদ, রাকিব হোসেন, আরিফ হোসেন ও মো. সোহেলসহ স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণের পাশাপাশি সেবাপ্রত্যাশীদের জন্য লেবুর শরবত ও দুপুরের খাবারের ব্যবস্থা করেন আয়োজক মো. নোবেল মীর।
এ সময় নোবেল মীর বলেন, প্রতিবছরই শম্ভুপুরা ইউনিয়নের সাধারণ মানুষের জন্য ইউনিয়ন পরিষদ চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করেন তিনি।
তিনি আরও বলেন, আসন্ন শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে সবার ভোট, দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন তিনি। নির্বাচিত হলে অবহেলিত মানুষের পাশে থেকে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
দিনব্যাপী এ আয়োজনে শম্ভুপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে আসেন।
পড়ুন:ঝিনাইদহে সরকারি সার ভর্তি ট্রাক উল্টে খাদে
ইমি/


