বাগেরহাটের মোংলায় উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (৩১ অক্টোবর) কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় উপজেলার জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই মানবিক কার্যক্রমে এলাকার মোট ১৩৩ জন সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে এই চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান করা হয়।
শনিবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত এ ধরণের মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। এরই অংশ হিসেবে আজ মোংলার জয়মনি এলাকায় এই ক্যাম্পেইন করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় তাদের এই ধরণের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকে কমেন্ট নিয়ে দুই তরুণের হাতাহাতি থেকে সংঘর্ষ


