গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রোববার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে শ্রমিকেরা আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
।
এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কালিয়াকৈর, কোনাবাড়ী ও চন্দ্রা এলাকায় মোট তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
পাশাপাশি টাঙ্গাইল থেকে ৩০০ পুলিশ সদস্য আনা হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফকরুল হোসাইন।
রোববার সকাল থেকে উপজেলার মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী, চালক ও পরিবহন শ্রমিকেরা।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ও সন্তানদের লেখাপড়ার খরচ বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
একপর্যায়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে বিভিন্ন স্থানে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এদিকে পরিস্থিতি অবনতির আশঙ্কায় কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এতে শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন কার্যক্রমও ব্যাহত হয়।
পরে বিজিবি, শিল্প পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তৎপরতায় আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
প্রায় ছয় ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি টাঙ্গাইল থেকে ৩০০ পুলিশ সদস্য আনা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সরকার ইতোমধ্যে শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের দাবির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়াধীন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
পড়ুন : রূপগঞ্জে ৬৪২ বোতল ফেনসিডিয়ালসহ ২ মাদককারবারি গ্রেফতার


