পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ি বিলে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, জলজ পরিবেশ রক্ষা ও দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১ নভেম্বর) চাটমোহর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী বিলের পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টিকারী দুটি অবৈধ সোতিবাঁধ উচ্ছেদ করা হয়। এ সময় একজন অভিযুক্ত ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ ধরনের অবৈধ বাঁধের কারণে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়। পাশাপাশি মাছের চলাচল ও প্রজননে বাধা সৃষ্টি হয় এবং মাছের প্রাকৃতিক বিচরণক্ষেত্র ও জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্থ হয়।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন এবং চাটমোহর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা, জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ


