বাবাকে হারানোর শোক সামলে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন লিজা আক্তার। তাঁর সহপাঠী রিয়া দাসের চোখেও ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ব্যাংকার হতে চান।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এই দুই শিক্ষার্থীই এবার জিপিএ-৫ পেয়েছেন। তাঁরা দুজনই আখাউড়া ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী।
কলেজ সূত্রে জানা গেছে, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৮১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৭৭ জন। পাসের হার ৯৫ দশমিক ৬ শতাংশ।
লিজা আক্তার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি আখাউড়া পৌর শহরের সড়ক বাজারের ব্যবসায়ী রেজাউল ইসলাম শাহেদ ও রোজিনা ইসলাম লিপির মেয়ে। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চান তিনি।
আখাউড়ায় নিজেদের বাড়ি থাকলেও পড়াশোনায় আরও মনোযোগী হতে পরীক্ষার মাত্র দুই মাস আগে কলেজের হোস্টেলে ওঠেন লিজা। নিয়মিত ক্লাস করা, শিক্ষকদের নির্দেশনা মেনে চলা এবং নিজের অধ্যবসায়ের মধ্য দিয়ে পরীক্ষার প্রস্তুতি নেন তিনি।
কিন্তু পরীক্ষার কিছুদিন আগে বাবাকে হারান লিজা। শোকের এই সময়ে মানসিকভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় তাঁকে। তারপরও পড়াশোনা চালিয়ে গেছেন। শেষ পর্যন্ত পেয়েছেন কাঙ্ক্ষিত ফল।
কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক হাজারী বলেন, লিজা অত্যন্ত বিনয়ী, ভদ্র ও নিয়মশৃঙ্খলাপরায়ণ শিক্ষার্থী। তিনি নিয়মিত ক্লাস করতেন এবং শিক্ষকদের নির্দেশনা নিষ্ঠার সঙ্গে অনুসরণ করতেন। আলাদা করে প্রাইভেট না পড়েও নিজের প্রচেষ্টায় এই ফল করেছেন।
অধ্যক্ষ আরও বলেন, বাবাকে হারানোর মতো কঠিন পরিস্থিতিতেও লিজার এই সাফল্য অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।
লিজার মতো জিপিএ-৫ পেয়েছেন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী রিয়া দাসও। তিনি আখাউড়া উপজেলার দরুইন গ্রামের ব্যবসায়ী মনোরঞ্জন দাস ও প্রতিমা রানী দাসের মেয়ে।
রিয়ার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা। পড়াশোনা শেষে ব্যাংকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশাও রয়েছে তাঁর।
কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক হাজারী বলেন, লিজা ও রিয়ার সাফল্য প্রতিষ্ঠানের জন্য গর্বের। তাঁদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলের জন্য উৎসাহিত করবে। ভবিষ্যতে তাঁরা নিজেদের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবেন বলে আশা করেন তিনি।
পড়ুন : সিরাজগঞ্জে বাস-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২


