খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় হুমায়ুন কবির (৫০) নামে এক তাঁতি দল নেতার মৃত্যু হয়েছে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান হিল ক্যান্টিনে এ হামলার ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির খুলনা মহানগর জাতীয়তাবাদী তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক। তিনি সৈয়দ আনোয়ার আলীর ছেলে এবং রায়েরমহল এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় হুমায়ুন কবির নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত সেখানে ঢুকে তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্বজন সৈয়দ দিদারুল করিম বিপ্লব অভিযোগ করেন, ছাত্রদল নেতা আরাফাত ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার ছোট চাচা হুমায়ুন কবিরের ওপর হামলা চালান। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পড়ুন : কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর


