ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটকে সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন বিয়াচাদ পার্টি। দলটি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আইজেনকটের নামও সুপারিশ করবে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ঘোষণা করেছেন, তার নেতৃত্বাধীন বিয়াচাদ পার্টি পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দিতে ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটের নাম সুপারিশ করবে। আর এ সিদ্ধান্ত অনেকটাই প্রত্যাশিত ছিল।
বিয়াচাদ পার্টির এক বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনী প্রচারের পুরো সময় বেনেট স্পষ্ট করে জানিয়েছিলেন যে তিনি ভোটারদের রায়কে সম্মান করবেন। এখন তিনি সেই কথাই রাখছেন।
নির্বাচনে আইজেনকোটের দল ২১টি আসন পেয়েছে। অন্যদিকে, বিয়াচাদ পেয়েছে মাত্র ১২টি আসন।
অন্যদিকে পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকে পরবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকটের নাম সুপারিশ করবে বেনেটের দল। রোববার (১ নভেম্বর) এই ঘোষণা দেয় দলটি।
দলটির প্রকাশিত বিবৃতি অনুযায়ী, পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়ার জন্য আইজেনকটকে ইতোমধ্যেই সমর্থন দেয়ার কথা জানিয়েছেন বেনেট।
এতদিন আইজেনকট বলে আসছিলেন, বিরোধী জোটের সবচেয়ে বড় দলের নেতাকেই প্রধানমন্ত্রী পদের প্রার্থী করা উচিত। তবে এ বিষয়ে বিরোধী জোটের মধ্যে কোনো সমঝোতার ঘোষণা আসেনি।
প্রসঙ্গত, নেতানিয়াহুবিরোধী দলগুলো গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে নেসেটের ১২০টি আসনের মধ্যে ৬৭টি আসন পেয়েছে। তবে ইহুদিবাদী নেতানিয়াহুবিরোধী দলগুলোর আসন মাত্র ৪৮টি। বাকি ১৯টি আসন পেয়েছে দুটি আরব দল।
অন্যদিকে বিদায়ী জোট ৫৩টি আসন পেলেও নেতানিয়াহুর পক্ষেও সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন সম্ভব হচ্ছে না।
গত সপ্তাহের নির্বাচনে ইসরায়েলিরা নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে স্পষ্ট রায় দিয়েছেন বলে দাবি করে তিনি বলেছেন, নতুন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে পরিবর্তনের উদ্যোগ নেয়া হবে।
পড়ুন : ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯


