মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত সমস্যা নিরসন ও হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠুর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম, বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নসিব আলী, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুনসহ কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, বিদ্যমান অবকাঠামোগত সমস্যা, বিদ্যুৎ সরবরাহ এবং রোগীদের জন্য উন্নত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে একটি জেনারেটর দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এ ছাড়া হাসপাতালের চিকিৎসা বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার ব্যবস্থা নিশ্চিত করা এবং জরুরি বিভাগে রোগীদের সেবার মান বাড়াতে তিনজন স্বেচ্ছাসেবী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ও জরাজীর্ণ ভবন সংস্কারের প্রস্তাব উত্থাপন করে। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে হাসপাতালের চিকিৎসাসেবার পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধান, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পড়ুন : দিনাজপুরে দীপশিখার উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত


