পিরোজপুরে নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাধা দেওয়া এবং তাঁর প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগে মেহেরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে আজ সোমাবর এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের কমান্ডার শামসুল আলম সোনা, সদস্য সচিব আব্দুর রশিদ, জেলা ডেপুটি কমান্ডার মো. সিরাজুল ইসলাম, পৌর কমান্ডার জামিল উদ্দিন ও সদর থানা কমান্ডার সিরাজুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আহসান আলী খান, গাংনী উপজেলা কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, পিরোজপুর ইউনিয়ন কমান্ডার মো. ইদ্রিস আলী, থানা সদস্য চাঁদ আলী, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা রায়হানুল কবির এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, মুজিবনগর শাখার সভাপতি মো. মোখলেছুর রহমানসহ অন্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। দেশের স্বাধীনতা অর্জনে যাঁরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও সম্মান রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান ও আত্মত্যাগ জাতির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের অসম্মান করার যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
এ সময় নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
পড়ুন : দিনাজপুরে দীপশিখার উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত


