সম্প্রতি পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর জানাজা ও দাফন কাজে বাধা ও হামলার প্রতিবাদে রাজশাহীতে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছেন।
সোমবার (২ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ইউনিট কমান্ড এ আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। সেই শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী গত ২৪ অক্টোবর ৮৭ বছর বয়সে মারা গিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার ও জানাযা শেষে দাফন হবে এটাই স্বাভাবিক। কিন্তু ৭১ এর পরাজিত শক্তি জামাত-শিবির সেই শ্রেষ্ঠ সন্তানকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দানে বাধা, জানাজা ও দাফনে নগ্ন হামলায় মুক্তিযোদ্ধারা ক্ষোভে মূহ্যমান ও বিস্মিত, সেই সাথে আমরা সরকারের নীরবতা ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদের নীরব ভূমিকায় হতবাক। দেরিতে হলেও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের আহবানে মুক্তিযোদ্ধারা উজ্জীবিত। সরকারের নিকট আমাদের দাবি অনতিবিলম্বে পিরোজপুর জেলার সংশ্লিষ্ট সাংসদের সদস্য পদ বাতিল ও অপরাধের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি।
বর্তমান দুর্মূল্যের বাজারে মুক্তিযোদ্ধারা পরাজিত। তাদের যে সম্মানী ভাতা দেওয়া হয় তা অপ্রতুল। বয়সের ভারে সবাই প্রায় অসুস্থ। চিকিৎসা ও সংসার চালানো অত্যন্ত কষ্টকর, বিধায় চিকিৎসা ভাতাসহ সম্মানী ভাতা কমপক্ষে ৫০ হাজার টাকা হওয়া আবশ্যক। বিষয়টি সরকারের নিকট বিশেষ বিবেচনার দাবিও জানাচ্ছি।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ইউনিট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সহ অন্যান্যরা এতে বক্তব্য রাখেন।
পড়ুন : পূর্বধলায় ভ্রাম্যমাণ আদালতে মদ্যপ অবস্থায় যুবকের সাজা


