মাদকের ছোবল থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে নেত্রকোনার পূর্বধলায় পরিচালিত অভিযানে মো. জামাল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ নভেম্বর) সকালে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আইনি ব্যবস্থা নেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত জামাল মিয়া উপজেলার কালিহরকান্দা ডাকঘর এলাকার ভিকুনিয়া গ্রামের মৃত শহীদ আলী ও আনোয়ারা বেগমের সন্তান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সোমবার বেলা সোয়া ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকের বিস্তার রোধে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে জামাল মিয়াকে আটক করা হয়। এ সময় তাকে মদ্যপ অবস্থায় পাওয়া যায় এবং তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ। আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে জামাল মিয়াকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও পাঁচ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। নেশার অন্ধকার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার সতর্কবার্তা হিসেবেই প্রশাসনের এমন পদক্ষেপ।
পড়ুন : শ্রীপুরের সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত


