খুলনায় ১০ মাসে ৭৫ খুন, নদী থেকে মিলল গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ

খুলনায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সর্বশেষ রূপসার আঠারোবেকি নদী থেকে গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুজনই নগরীর আলোচিত সন্ত্রাসী গোষ্ঠী বি কোম্পানির সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের গুলি করে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ নিয়ে চলতি বছরের প্রথম ১০ মাসে খুলনা মহানগর ও জেলায় হত্যাকাণ্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫টিতে।

সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রূপসা সরকারি কলেজের বিপরীতে সিংহের চর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন মেহেদী হাসান সোহাগ (৩৫) ও রেজাউল করিম ওরফে আলামিন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগের চোখের পাশে এবং আলামিনের থুতনির নিচে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে। সোহাগ রূপসা উপজেলার রাজাপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে। তার বাবা একসময় জেলখানা ঘাটে মাঝি হিসেবে কাজ করতেন। পরে সোহাগ অপরাধজগতের সঙ্গে জড়িয়ে বি কোম্পানির সদস্য হন। অপর নিহত আলামিনের বাবার নাম ও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রোববার সকালে সিংহের চর এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন কয়েকজন। পরে ভাটার সময় পানি কমে গেলে একই স্থানে পাশাপাশি দুটি মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আশপাশের এলাকায় খোঁজ নিয়ে তাদের পরিচয় শনাক্ত করা হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, উদ্ধার হওয়া দুটি মরদেহের শরীরেই একাধিক গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলি করে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ড দুটি ঘটেছে। নিহত সোহাগ ও আলামিন বি কোম্পানির সদস্য ছিলেন। তাদের মধ্যে কোনো অভ্যন্তরীণ বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে খুলনায় গত কয়েক দিনের ব্যবধানে আরও দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে নগরীর লবণচরা থানার কাশেমিয়া জামে মসজিদ সড়কে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর পরদিন রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সৈয়দ হুমায়ুন কবির নামের জাতীয়তাবাদী তাঁতি দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সিদ্দিক শেখ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সর্বশেষ নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে খুলনায় চলতি বছরের ১০ মাসে হত্যাকাণ্ডের সংখ্যা ৭৫টিতে পৌঁছেছে। মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন