গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে প্রশাসন।
পরিস্থিতি বিবেচনায় জেলায় নতুন করে আরও এক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে আগে জেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। পরিস্থিতি বিবেচনায় নতুন করে আরও এক প্লাটুন বাড়ানো হয়েছে। এতে জেলায় মোট ১১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। এ ছাড়া আগে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করলেও বর্তমানে তা বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।
তিনি আরও জানান, আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বিজিবি সদস্যরা ইতোমধ্যে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।
এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন পোশাক কারখানার শ্রমিকেরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের মহাসড়কে অবস্থান নিতে দেননি।
এ সময় বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকদের দলবদ্ধভাবে কাজে যোগ দিতে দেখা যায়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসেন জানান, সকাল ৮টার কিছু আগে শ্রমিকেরা মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে জেলার শিল্পাঞ্চলগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঠপর্যায়ে তৎপরতা অব্যাহত রেখেছে।
পড়ুন:দুই দশকে ১৯ মামলা: দুর্গাপুরে শুটার শামীমের ভাই বদি গ্রেফতার
ইমি/


